জাতীয়

রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মুক্তমন রিপোর্ট: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং বৈদেশিক বাজারে মাংস রপ্তানিকে উৎসাহিত করার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষকদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

রোববার (১৮ মে) পাবনার সাথিয়ায় অবস্থিত বেঙ্গল মিট প্রসেসিং কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকার চায় দেশের উৎপাদিত পণ্য ও খামারভিত্তিক উৎপাদন বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদাও পূরণ হোক।”

তিনি আরও বলেন, “আমাদের দেশে প্রচুর সম্পদ রয়েছে। এসব সম্পদকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীকে উপকৃত করার লক্ষ্যেই আমরা বেঙ্গল মিট পরিদর্শনে এসেছি।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বেঙ্গল মিট অত্যন্ত বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে মাংস উৎপাদন ও প্রক্রিয়াজাত করছে এবং সীমিত পরিসরে রপ্তানিও করছে। রপ্তানি কার্যক্রম আরও সহজ ও সম্প্রসারণে সরকার কী ধরনের সহায়তা দিতে পারে, তা পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কারখানার উৎপাদন কার্যক্রম, স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ প্রক্রিয়া এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, প্রকল্প পরিচালক ডা. মো. আবদুর রহিমসহ বেঙ্গল মিটের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর প্রতিমন্ত্রী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর বাঘাবাড়ীঘাট দুগ্ধ কারখানা পরিদর্শন করেন। সেখানে তিনি দুধ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন কার্যক্রম, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ প্রক্রিয়া ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মিল্ক ভিটার সভাপতি এস এম আমীর হামজা শাতিল, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button