দিয়াবাড়ির অস্থায়ী পশুর হাটের ইজারা ১৪ কোটির বেশি


নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে অস্থায়ী পশুর হাট বসানোকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। ঈদের দিনসহ আগের চার দিন—মোট পাঁচ দিন ঢাকার বিভিন্ন অস্থায়ী হাটে কোরবানির পশু কেনাবেচা হবে। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন উত্তরা দিয়াবাড়ি এলাকায় একটি অস্থায়ী হাটের ইজারা দিতে সর্বোচ্চ ১৪ কোটি ১৫ লাখ টাকার দরপ্রস্তাব পাওয়া গেছে।
সোমবার বিকেলে ডিএনসিসির নগর ভবনে অস্থায়ী হাটের দরপত্র খোলা হয়। এতে উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর-সংলগ্ন বউবাজার এলাকার খালি জায়গায় স্থাপিতব্য হাটটির জন্য চারটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে সর্বোচ্চ দর দেয় এসএফ করপোরেশন।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, এ বছর মোট ১২টি অস্থায়ী পশুর হাট বসাতে দরপত্র আহ্বান করা হয়। তবে এর মধ্যে চারটি হাটের জন্য কোনো দরদাতা পাওয়া যায়নি। আবার দুটি হাটে মাত্র একটি করে দরপ্রস্তাব জমা পড়ে।
নীতিমালা অনুযায়ী, গত তিন বছরের ইজারামূল্যের গড় করে প্রতিটি হাটের সরকারি দর নির্ধারণ করা হয়। সেই হিসাবে দিয়াবাড়ি হাটের সরকারি দর ছিল ৮ কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৩৩৪ টাকা, যা অন্যান্য হাটের তুলনায় সর্বোচ্চ।
জানা গেছে, সর্বোচ্চ দরদাতা এসএফ করপোরেশনের মালিক শেখ ফরিদ হোসেন স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচিত। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে এসএফ করপোরেশন ভাটুলিয়া (১০ নম্বর সেক্টর রানাভোলা) অস্থায়ী পশুর হাটের ইজারাও পেয়েছে।

এ হাটের জন্য অন্য দরদাতারা হলেন—জামির হোসেন (১৪ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা), জুবায়ের এন্টারপ্রাইজের চান মিয়া (১২ কোটি ৭০ হাজার টাকা) এবং রশিদ অ্যান্ড কোংয়ের শফিউল আলম (১২ কোটি ৩৪ হাজার টাকা)।
গত বছর একই হাটের সরকারি দর ছিল ৮ কোটি ৯০ লাখ টাকা। পরে ১০ কোটি ১ লাখ টাকায় হাটটির ইজারা নেন এসএম ব্রাদার্সের মালিক এস এম খোকন, যিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক।
অস্থায়ী হাটগুলোর পাশাপাশি রাজধানীর গাবতলী স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বেচাকেনা হবে বলে জানা গেছে।



