নির্বাচনরাজনীতিসারাদেশ

জনগণ ও বিএনপির আস্থার সমন্বয়ে আগামীদিন এগিয়ে যাবে: এস এম জাহাঙ্গীর

মুক্তমন রিপোর্ট : ঢাকা-১৮ আসনে বিএনপি ও জনগণের পারস্পরিক আস্থার ভিত্তিতে আগামীর পথচলা আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই শ্রমজীবী ও কর্মজীবী সাধারণ মানুষ আজ বিএনপি ও ধানের শীষের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা চালাচ্ছে, যা জনগণের গভীর আস্থারই বহিঃপ্রকাশ।

শুক্রবার বিকেল ৩টায় উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সামনে আয়োজিত গণসংযোগ কর্মসূচির শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “তারেক রহমান বিগত ১৭ বছর দেশের বাইরে থেকেও আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ রেখেছেন। জিয়া পরিবার এই দেশের জন্য যে ত্যাগ ও অবদান রেখেছে, তা ইতিহাসে অনন্য। জনগণ বিশ্বাস করে, বিএনপি নির্বাচিত হলে তাদের প্রকৃত কল্যাণ নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “কর্মজীবী মানুষ বিএনপিকে ভালোবাসে বলেই ধানের শীষের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিচ্ছে। জনগণের আমাদের ওপর আস্থা আছে, আর আমাদের আস্থা আছে জনগণের ওপর। এই পারস্পরিক আস্থার সমন্বয়েই আগামী দিনের পথচলা এগিয়ে যাবে।”

অপরিকল্পিত নগরায়ন প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে সিটি কর্পোরেশন, রাজউক ও সিভিল এভিয়েশনের সমন্বয়ে একটি পরিকল্পিত নগর গড়ে তোলা হবে।” সমাজের বিদ্যমান অনিয়ম ও সমস্যা জনগণকে সঙ্গে নিয়েই সমাধান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “শেখ হাসিনা ষড়যন্ত্রের পরিকল্পনায় সবচেয়ে বড় গডফাদার ছিলেন। কিন্তু জনরোষের কাছে তিনি টিকতে পারেননি। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বা ভোট ডাকাতির চিন্তা করছে—ইনশাল্লাহ তাদের কোনো লাভ হবে না।”

তিনি আরও বলেন, “ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনগণ মুখিয়ে আছে। আগামী ১২ তারিখ জনগণ ভোটকেন্দ্রে যাবে, নিজের ভোট নিজে দেবে এবং ভোটের ফলাফল নিয়েই ঘরে ফিরবে। অধিকার আদায়ের এই লড়াইয়ে জনগণ ও নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনবে।”

গণসংযোগ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button