শিক্ষা উন্নয়নে আরিফুল ইসলামের অঙ্গীকার: প্রতি ওয়ার্ডে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রতিশ্রুতি


ঢাকা–১৮ আসনে জামায়াত–এনসিপিসহ ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আরিফুল ইসলাম শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার ও সমতাভিত্তিক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন। জনসংখ্যা অনুপাতে প্রতি ওয়ার্ডে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, মানসম্মত শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার, যা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
আরিফুল ইসলাম জানান, ঢাকা–১৮ আসনে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামাল দিতে নতুন সরকারি স্কুল ও কলেজ স্থাপন জরুরি। অনেক এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্পতার কারণে শিশুদের দূরে গিয়ে পড়াশোনা করতে হয়, যা ঝরে পড়ার অন্যতম কারণ। তিনি নির্বাচিত হলে প্রতিটি শিশুকে নিজ নিজ ওয়ার্ডেই মানসম্মত শিক্ষা লাভের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে জানান।
বিশেষ করে শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, এসব অঞ্চলে শিশুদের জন্য বিশেষ স্কুল ও ডে-কেয়ার সেন্টার চালু করা হবে, যাতে কর্মজীবী অভিভাবকরা নিশ্চিন্তে কাজ করতে পারেন এবং শিশুরা নিরাপদ পরিবেশে শিক্ষা ও পরিচর্যা পায়।
আরিফুল ইসলাম আরও বলেন, শিক্ষা উন্নয়ন শুধু ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানসম্মত শিক্ষক নিয়োগ, আধুনিক পাঠ্যক্রম এবং শিশু-বান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বিশ্বাস করেন, শিক্ষা খাতে পরিকল্পিত বিনিয়োগই একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের মূল চাবিকাঠি।



