সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সোমবার (১৮ মে) দিবাগত রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের আওতাধীন মনোহরপুর, মাসুদপুর, জহুরপুর, বাখেরআলী, ফরিদপুর ও মনাকষা বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালান পণ্য জব্দ করেন।

অভিযানে শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রাম এলাকা থেকে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা। এছাড়া সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

বিজিবি আরও জানায়, চলতি মে মাসে এ পর্যন্ত ৫৩ বিজিবি মোট ৩৩টি গরু এবং ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।

জব্দ হওয়া মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button