সারাদেশ

টঙ্গীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক বুলবুল, আতঙ্কে এলাকাবাসী

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে টঙ্গীর নতুন বাজার রেলগেট এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়েন সিনিয়র সাংবাদিক মো. নাসির উদ্দীন বুলবুল।

তিনি দৈনিক সংবাদের সহ-সম্পাদক (মফস্বল ডেস্ক) হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ডেইলি গাজীপুর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক বলেও জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, শুক্রবার সকালে নতুন বাজার রেলগেট এলাকা পার হওয়ার সময় কয়েকজন যুবক তার পথরোধ করে। এ সময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা মোবাইল নিতে ব্যর্থ হয়।

তিনি আরও জানান, রাব্বি নামে এক যুবক তার কাছে থাকা ধারালো অস্ত্র সদৃশ বস্তু প্রদর্শন করে ভয়ভীতি দেখায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাব্বির পিতার নাম ফকির। সে দীর্ঘদিন ধরে অপরাধীচক্রের সঙ্গে চলাফেরা করে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। চক্রটি ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে দাবি স্থানীয়দের। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার এবং নতুন বাজার রেলগেট, রেলস্টেশন, স্টেশন রোড, টঙ্গীবাজার, রেলব্রিজ, চেরাগআলী ও আব্দুল্লাহপুর এলাকায় পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে টঙ্গীতে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button