বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, গ্রেফতার ৪


দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোলাপগঞ্জ মোড় এলাকায় মাদক ব্যবসায়ীদের তিনটি বাড়িতে অভিযান চালায় বীরগঞ্জ থানা পুলিশ। অভিযানে মাদক সেবনরত অবস্থায় রাশেদুল ইসলাম (৩০), নাহিদ ইসলাম সবুজ (৩২) ও রুবেল ইসলাম মামুনকে (৩৫) হাতেনাতে আটক করা হয়। তাদের সবার বাড়ি উত্তর সুজালপুর কলেজ মোড় এলাকায়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন। তিনি প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে অভিযানের সময় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ইনজামানুল হক পায়েলকে (৩২) গ্রেফতার করা হয়। তিনি কলেজ মোড় এলাকার আমিনুল হকের ছেলে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। এ সময় এসআই জাহাঙ্গীর বাদশা রনি ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকসেবী কিংবা ব্যবসায়ী— কাউকেই ছাড় দেওয়া হবে না।



