মুক্তমন রিপোর্ট : আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে বাংলা কিউআরের মাধ্যমে পণ্য বা সেবার মূল্য গ্রহণের ক্ষেত্রে বিক্রেতাদের আর ১ শতাংশ মাশুল দিতে হবে না। মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে বিক্রেতাদের এই খরচ আর থাকছে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি বলেন, বাংলা কিউআর ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও টেকসই করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীসহ সর্বস্তরের মানুষের জন্য টেকসই ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে নিরাপদ, সহজ ও অন্তর্ভুক্তিমূলক আন্তঃডিজিটাল পেমেন্ট ব্যবস্থা অপরিহার্য। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর চালু করেছে।
আরিফ হোসেন খান জানান, বর্তমানে প্রায় ৪০ লাখ মার্চেন্ট বাংলা কিউআর ব্যবহার করছেন। গত জুনে একক বাংলা কিউআর বাধ্যতামূলক করার পর এ প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে। একই সময়ে লেনদেনের আর্থিক পরিমাণ বেড়েছে প্রায় পাঁচ গুণ।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়েও বাংলা কিউআর চালু করা হবে। এ ব্যবস্থায় কিউআর কোডের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তির (পিটুপি) মধ্যে লেনদেন করা যাবে। এতে ব্যক্তিপর্যায়ে আন্তঃলেনদেন আরও সহজ হবে।