পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টকে হেনস্তা করার অভিযোগ

লেডি বাইকার রেকলেস সুমাইয়াকে স্বামীসহ ৭ দিনের কারাদণ্ড

লেডি বাইকার রেকলেস সুমাইয়াকে স্বামীসহ ৭ দিনের কারাদণ্ড

মুক্তমন অনলাইন : রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ ও হেনস্তার ঘটনায় লেডি বাইকার রেকলেস সুমাইয়াকে স্বামীসহ সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নুসরাত।

পুলিশ জানায়, পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্টরা। এ সময় উল্টো পথে আসা একটি মোটরসাইকেলকে থামানোর পর এক নারী ও তাঁর স্বামী দায়িত্বরত ট্রাফিক সদস্যের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে তাঁরা সার্জেন্টকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। পরে ওই দম্পতিকে আটক করা হয়।

এসি নুসরাত জানান, সরকারি কাজে বাধা প্রদান ও দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্টকে হেনস্তার অভিযোগে আটক দুজনকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন।

এর আগে, মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই নারীকে ট্রাফিক পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতে দেখা যায়। ভিডিওতে তাঁকে নিজের গাড়ি ছেড়ে দেওয়ার দাবি জানাতে শোনা যায়। এ সময় ট্রাফিক সদস্য তাঁকে উল্টো পথে আসার বিষয়টি বোঝানোর চেষ্টা করেন।

ভিডিওতে ওই নারীর স্বামীকেও পুলিশের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়াতে দেখা যায়। পরে এক ট্রাফিক সার্জেন্ট তাঁদের গ্রেপ্তারের কথা বললে ওই নারী চিৎকার-চেঁচামেচি করেন এবং ঘটনাস্থলে লোকজন জড়ো করেন। এ সময় তিনি ঘটনার ভিডিও ধারণ করে নিজের ফেসবুক পেজে প্রচার করেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারী ‘রেকলেস রাইডার সুমাইয়া’ নামে পরিচিত বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।