মুক্তমন রিপোর্ট : জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ। তাঁর দাবি, জেডিপি ও সমমনা সংস্কারপন্থী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় না এলে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হবে না। এ জন্য ‘সর্বদলীয় জুলাই সনদ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’ গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন নাঈম আহমাদ। ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে’ জেডিপি এ কর্মসূচির আয়োজন করে।
নাঈম আহমাদ বলেন, বিএনপি সরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে—এমন সম্ভাবনা তিনি দেখছেন না। তাঁর অভিযোগ, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি ও জামায়াতে ইসলামী যেসব বিষয়ে একমত হয়েছিল, সেগুলোর অনেকগুলোই বিএনপি মানছে না। অন্যদিকে, জামায়াত এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখছে না।
জুলাই সনদের ২৩ নম্বর ধারা উল্লেখ করে জেডিপির আহ্বায়ক বলেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার মনোনয়নের বিষয়টি সনদে রয়েছে। তাঁর অভিযোগ, জামায়াত পদটিকে যথাযথ গুরুত্ব দেয়নি। একইভাবে, সনদের ২৪ নম্বর ধারা অনুযায়ী সংসদের চারটি স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার কথা থাকলেও জামায়াত মাত্র একটি পদ পেয়েছে বলে তিনি দাবি করেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের প্রসঙ্গ টেনে নাঈম আহমাদ বলেন, সনদের ২৫ নম্বর ধারার বাস্তবায়ন নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর মতে, এসব বিষয়ে সরকার ও বিরোধী দলের ভূমিকা সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথে বাধা তৈরি করছে।
ন্যায়পাল নিয়োগের বিষয়ে তিনি বলেন, জুলাই সনদের ৩৯ নম্বর ধারায় এ বিধানের কথা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সংবিধানেও ন্যায়পালের বিধান রয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৮০ সালের ৯ এপ্রিল ন্যায়পাল আইন প্রণীত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তাঁর অভিযোগ, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আইনটি কার্যকর করার উদ্যোগ নেয়নি।
জুলাই সনদের বিভিন্ন ধারার উল্লেখ করে নাঈম আহমাদ বলেন, সনদের ১৬ নম্বর ধারা বাস্তবায়িত হলে তত্ত্বাবধায়ক সরকার গঠনে কোনো দলের একক স্বার্থের সুযোগ সীমিত হবে। ২১ নম্বর ধারায় নির্বাচনে ৩৩ শতাংশ নারীকে মনোনয়ন দেওয়ার কথা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক চুক্তি নিয়ে সংসদে আলোচনা, বিচার বিভাগে দলীয় প্রভাব কমানো এবং ভোট কারচুপি ও জুলাই গণহত্যায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের জন্য স্বাধীন কমিশন গঠনের বিষয়েও সনদের বিভিন্ন ধারার কথা তুলে ধরেন তিনি।
নাঈম আহমাদের অভিযোগ, সনদের ৬৯ নম্বর ধারা বাস্তবায়িত হলে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সুযোগ কমবে এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের পথ তৈরি হবে। এ ছাড়া সনদের ৭৫ নম্বর ধারা বাস্তবায়িত হলে দুর্নীতির অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে জেডিপির আহ্বায়ক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৩০০টি সংসদীয় আসনে সমন্বিত রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
জেডিপির যুগ্ম সদস্য সচিব মাহতাব হোসেন সাব্বিরের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন দলটির প্রধান সংগঠক আহছান উল্লাহ, জনতার দলের যুগ্ম মহাসচিব স্বনাম ফুয়াদ, জেডিপির যুগ্ম সদস্য সচিব ইয়াসিন আরাফাত রাজ এবং জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান শরীফসহ অন্যরা।
Muktomon/TA