মুক্তমন রিপোর্ট : বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সরকার আপনাদের পাশে আছে।
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি বরগুনায় তিনটি সেতু ও একটি আবহাওয়া অফিস নির্মাণের আশ্বাস দেন এবং জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নূরুল ইসলাম বলেন, এসব অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় নিষেধাজ্ঞার সময়ে কোনো ট্রলিং ট্রলার চলতে দেওয়া যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে চিফ হুইপ জানান, পূজামণ্ডপগুলোতে শতভাগ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
Muktomon/TA