প্রাথমিকে অভিন্ন পোশাক ও খাবার চালুর কথা জানালেন প্রতিমন্ত্রী

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

মুক্তমন রিপোর্ট : প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে সমতা প্রতিষ্ঠা ও বৈষম্য কমাতে অভিন্ন পোশাক ও দুপুরের খাবার চালু করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর হাতিরঝিলে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

প্রতিমন্ত্রী জানান, মানসম্মত শিক্ষার প্রসারে বর্তমানে দেশে ৪৭টি বিয়াম প্রতিষ্ঠান কাজ করছে। পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠান জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাব্যবস্থায় উদ্ভাবনী পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নারীশিক্ষার অগ্রগতি প্রসঙ্গে আব্দুল বারী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন পদক্ষেপ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত অবৈতনিক নারীশিক্ষা ও উপবৃত্তি কর্মসূচির ফলে নারীরা প্রশাসন, চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করছেন।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের আত্মত্যাগে প্রতিষ্ঠিত বর্তমান গণতান্ত্রিক সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গত আট মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সরকারি বেতন-ভাতা বৃদ্ধি, রেমিট্যান্স ও রপ্তানি বাড়ানো এবং কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে সময়ের সদ্ব্যবহার করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। পাশাপাশি মোবাইল ফোনের ব্যবহার কমানো, সন্ধ্যার পর একা বাইরে না থাকা, মাদক থেকে দূরে থাকা এবং সুবিধাবঞ্চিত মানুষের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ২০৫০ সাল পর্যন্ত বাংলাদেশের জনমিতিক লভ্যাংশের সুফল কাজে লাগানোর সুযোগ রয়েছে। আজকের মেধাবী তরুণেরা এ সুযোগ কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তিনি আরও বলেন, শুধু জিপিএ-৫ অর্জনের পেছনে না ছুটে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি দরিদ্র মানুষের কল্যাণে মানবিক ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে হবে। কিশোর অপরাধ ও মাদক থেকে দূরে থাকার পাশাপাশি বিপথগামীদের সৎপথে ফিরিয়ে আনতেও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মা-বাবার ত্যাগের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আবদুল মালেক। এ সময় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাজ্জাদুর রহমান, শিক্ষক-শিক্ষার্থী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Muktomon/TA