আখাউড়া স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা

মুক্তমন রিপোর্ট : দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলার সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম মোট সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে দুই দেশের মধ্যে স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

শনিবার (১৭ অক্টোবর) থেকে দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর—এই দুই দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার গত ১৫ অক্টোবর আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানায়। চিঠির অনুলিপি বাংলাদেশের ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্দর খোলা থাকবে এবং এ সময় নিয়মিত বাণিজ্য কার্যক্রম চলবে।

এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে বন্দরে আবারও নিয়মিত কার্যক্রম শুরু হবে।

এ সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়েছে। চিঠির অনুলিপি আগরতলা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এলপিএআই) ব্যবস্থাপক, আখাউড়া এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন ও আখাউড়া সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক এবং আগরতলা আইসিপির প্ল্যান্ট কোয়ারেন্টাইন স্টেশনের কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া জানান, শুক্রবার মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়েছিল। বাণিজ্য কার্যক্রম বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে।

Muktomon/TA