দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাগেরহাটের কাটাখালী মোড়ে পথসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাগেরহাটের কাটাখালী মোড়ে পথসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মুক্তমন রিপোর্ট : দেশের শান্তি, অগ্রগতি ও মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ২০২৪ সালে যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ জবাব দিয়েছিল, প্রয়োজন হলে আবারও একইভাবে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি পাওয়ার পর সরকার মজুরি কমিশন গঠন করেছে। কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা। তবে আন্দোলনের মধ্যে কিছু বিশৃঙ্খলাকারী ঢুকে মিল-কারখানা ও সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতি করছে বলে অভিযোগ করেন তিনি।

তারেক রহমান আরও অভিযোগ করেন, ২০২৪ সালে দেশ থেকে বিতাড়িত স্বৈরাচারী শক্তি সীমান্তের ওপার থেকে বাংলাদেশে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে। তাঁর দাবি, মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং শিল্পকারখানার ক্ষতি করার চেষ্টা চলছে।

গার্মেন্টস শিল্পের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ দশকে দেশের শ্রমিক ও উদ্যোক্তাদের পরিশ্রমে এ শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি এই শিল্পকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

দেশের অর্থনীতি, শিল্পকারখানা ও গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে। তাঁর ভাষায়, দলের কাছে ক্ষমতার উৎস জনগণ।

সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে শিল্পকারখানা গড়ে তোলা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে। এ জন্য তরুণদের দেশে ও বিদেশে কাজের উপযোগী করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষকে শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতায় সমৃদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় সরকার। দেশ ও দেশের অর্থনীতি রক্ষায় জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Muktomon/TA