ট্রাম্পের ব্যবসা ও প্রশাসনের চুক্তি তদন্ত করতে চায় ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা ও প্রশাসনের চুক্তি তদন্তের পরিকল্পনা করছে ডেমোক্র্যাটরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা ও প্রশাসনের চুক্তি তদন্তের পরিকল্পনা করছে ডেমোক্র্যাটরা।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও পরিবারের ব্যবসায়িক কর্মকাণ্ড তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। ওষুধের মূল্য নির্ধারণ নিয়ে প্রশাসনের সঙ্গে বড় ওষুধ কোম্পানিগুলোর চুক্তিসহ বিভিন্ন বিষয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা।

প্রতিনিধি পরিষদের সদস্য রবার্ট গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘নিজের জন্য ভালো দেখে আইনজীবী ঠিক করে রাখুন।’ সিনেটর রন ওয়াইডেনও আইনি সমন পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক, ট্রাম্পের দুই ছেলে এবং রিপাবলিকান দলের শীর্ষ অর্থদাতা ও সরকারি ঠিকাদারদের কর্মকাণ্ডও তদন্তের আওতায় আসতে পারে। তবে ডেমোক্র্যাটরা আপাতত অভিশংসনের পরিবর্তে দীর্ঘমেয়াদি তদন্তে বেশি আগ্রহী।

সম্ভাব্য তদন্তের সমালোচনা করেছে হোয়াইট হাউস। মুখপাত্র লরেন বিসের অভিযোগ, ডেমোক্র্যাটরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্তে সময় ব্যয় করতে চাইছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড তদন্তের পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, নিত্যপণ্যের দাম ও জ্বালানির মূল্য নিয়ে ভোটারদের উদ্বেগকেও গুরুত্ব দিতে হবে ডেমোক্র্যাটদের।

রয়টার্স-ইপসোসের জরিপে প্রায় ৪৮ শতাংশ নিবন্ধিত ভোটার জীবনযাত্রার ব্যয়কে ভোটের সিদ্ধান্তে প্রধান প্রভাবক হিসেবে উল্লেখ করেছেন। আরেক জরিপে প্রায় ৬৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ তাঁর সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।

সূত্র : রয়টার্স

Muktomon/TA