চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের পুরাণবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা।
চাঁদপুরের পুরাণবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা।

মুক্তমন রিপোর্ট : চাঁদপুর শহরের পুরাণবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, পুরোনো চালে তেল মিশিয়ে বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পুরাণবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের দায়ে মাস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পুরোনো চালে তেল মিশিয়ে চকচকে করে বিক্রির দায়ে মেসার্স সেলিম খান অ্যান্ড সন্সকে ৩ হাজার টাকা এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না রাখায় মেসার্স মৌলভী ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানে নেতৃত্ব দেন এবং জরিমানার আদেশ দেন।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। এ সময় পচা ও বাসি খাবার জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, কেনাবেচার ক্যাশ মেমো বা ভাউচার সংরক্ষণ এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা রাখার নির্দেশনা দেন। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অবৈধভাবে পণ্য মজুত না করার বিষয়ে সতর্ক করেন তিনি।

তিনি আরও জানান, অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেছে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Muktomon/TA