গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রিজভীর

 চট্টগ্রামে ৭ নভেম্বরের সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
চট্টগ্রামে ৭ নভেম্বরের সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

মুক্তমন রিপোর্ট : গার্মেন্টসশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার আশ্বাস দেওয়ার পর প্রকৃত শ্রমিকদের বড় অংশ আন্দোলন থেকে সরে গেছেন। এখন একটি পক্ষ উসকানি দিয়ে শিল্পকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে কাজীর দেউড়ি থেকে একটি র‍্যালি বের হয়ে জামালখানে গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, আন্দোলনের নামে বিভিন্ন শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এ সময় পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ওই সময়ে ব্যাংক লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে। সেই লুটপাটের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তবে দেশের মানুষ আর সেই পরিস্থিতিতে ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেন তিনি।

৭ নভেম্বরের চেতনা তুলে ধরে রিজভী বলেন, এ চেতনা গণতন্ত্র, স্বাধীনতা ও বহুদলীয় রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগ্রাসী ও আধিপত্যবাদী শক্তি এবং তাদের স্থানীয় সহযোগীদের প্রতিহত করার কথা বলেন।

১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্র, রাজনৈতিক অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। পরে সিপাহি-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন সম্ভাবনা তৈরি হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ধারাকে এগিয়ে নেন বলে তিনি মন্তব্য করেন।

এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও ৭ নভেম্বরের চেতনা ভূমিকা রেখেছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, মানুষ আর গুম, খুন কিংবা রাজনৈতিক ভিন্নমতের কারণে নির্যাতনের শিকার হতে চায় না।

অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের প্রসঙ্গে রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর মানুষ আস্থা রেখেছিল। পরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন। ক্ষমতায় আসার পর দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব নাজিমুর রহমান।

Muktomon/TA