নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে লিংক রোড অবরোধ, যানজট

মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ।
মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ।

মুক্তমন রিপোর্ট : মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় চারটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিকের বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শ্রমিকেরা সড়ক অবরোধ করে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এ সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

দুপুর আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার চারটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নেন। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকেরা আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। পরে পাশের অন্য কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে চারটি কারখানার শ্রমিকেরা একত্র হয়ে মিছিল নিয়ে মূল সড়কের দিকে এগিয়ে যান।

এ সময় শিবু মার্কেট এলাকায় সড়কে প্রবেশের মুখে পুলিশ বাধা দিলেও শ্রমিকেরা ব্যারিকেড অতিক্রম করে লিংক রোডে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সোমবার একই দাবিতে ওই এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর আবারও আন্দোলনে নামেন তাঁরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, জনদুর্ভোগ কমাতে সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।