ফেনীতে নকল বগুড়ার দই তৈরি, তিন ব্যবসায়ীকে জরিমানা

ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

মুক্তমন রিপোর্ট : ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেনী জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘বগুড়ার দই’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং নীরব ঘোষ ও সুভাষ ঘোষকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ফেনী জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল করিম এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে সংশ্লিষ্ট কারখানাগুলোতে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে ছিল বৈধ নিবন্ধন ও অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা, খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি না মানা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার ও মিষ্টি তৈরি। এ ছাড়া খাদ্য প্রস্তুতে ‘হাইড্রোজ’ নামের রাসায়নিক ও পোড়া তেল ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। উৎপাদিত পণ্যে যথাযথ লেবেলিংও ছিল না।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে মুক্তমন ডট কমে ফেনীতে নকল ‘বগুড়ার দই’ তৈরি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনের প্রায় সাত মাস পর মঙ্গলবার এ অভিযান পরিচালিত হলো।

জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন বন্ধে নিয়মিত নজরদারি এবং আইন প্রয়োগের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

Muktomon/TA