মকবুল হোসেন : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। একই দিনে তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণেও অংশ নেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারি দপ্তরগুলোর হাজিরা রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন। পাশাপাশি সেবাপ্রার্থী নাগরিকদের সঙ্গে কথা বলে সরকারি সেবার মান, সেবা পেতে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না এবং তাঁদের অভিজ্ঞতা ও মতামত সম্পর্কে খোঁজ নেন।
একই দিন ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
Muktomon/TA