অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলে ২৫ লাখ টাকা পুরস্কার পেলেন ফুটবলাররা

 আজারবাইজান থেকে দেশে ফেরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে সংবর্ধনা।
আজারবাইজান থেকে দেশে ফেরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে সংবর্ধনা।

মুক্তমন রিপোর্ট : ফিফার প্রথম অনূর্ধ্ব-১৫ বৈশ্বিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পঞ্চম স্তরে (ই) রানার্সআপ হয়েছে দলটি। দেশে ফেরার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রাঙ্গণে খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ফুটবলারদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ও বিতরণ করা হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক ফুটবলারকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। অন্যদিকে, বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেন। এর আগে ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার কাছে হারের পর তিনি ১০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

ফিফার এই আয়োজন মূলত একটি ফুটবল উৎসব। তরুণ প্রজন্মকে ফুটবলে আকৃষ্ট করা এবং তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় মূল চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ১৮৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩০তম।

দলীয় ফলাফলের পাশাপাশি কয়েকজন ফুটবলারের ব্যক্তিগত পারফরম্যান্সও নজর কেড়েছে। বিশেষ করে গোলরক্ষক শ্রীনাথ হালদার দুই ম্যাচে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ করেছেন। কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্স অন্য দেশের ক্লাবগুলোরও দৃষ্টি আকর্ষণ করেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ফলাফল বা অবস্থান যা-ই হোক, বাংলাদেশের ফুটবলারদের সম্ভাবনা রয়েছে। তাঁদের উৎসাহিত করতেই তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে তরুণেরা যেন ভবিষ্যতে ভালো ফুটবলার হয়ে উঠতে পারেন, সে বিষয়ে বাফুফেকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নে ফেডারেশন কাজ করছে। প্রায় এক বছর ধরে দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজনের পর সেখান থেকে খেলোয়াড় বাছাই করে ক্যাম্পের মাধ্যমে দল গঠন করা হয়েছিল। তিনি জানান, খেলোয়াড়দের অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখা হবে এবং এ উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা থাকবে।

Muktomon/TA