ঘুমের মধ্যে মৃত্যু টিভি অভিনেতা অনুজ ঠাকুরের

 ভারতীয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুরের সংগৃহীত ছবি।
ভারতীয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুরের সংগৃহীত ছবি।

মুক্তমন রিপোর্ট : ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর মারা গেছেন। গত ২৭ অক্টোবর রাতে ঘুমাতে যাওয়ার পর আর জেগে ওঠেননি ৩৩ বছর বয়সী এই অভিনেতা। পরিবারের বরাত দিয়ে তাঁর মৃত্যুর কারণ হিসেবে ঘুমের মধ্যে খিঁচুনির কথা জানানো হয়েছে।

গত ৩০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুজের মৃত্যুর খবর প্রকাশ করেন তাঁর বন্ধু ও সহকর্মী রূপেশ সোনার। এক আবেগঘন পোস্টে তিনি অনুজকে নিজের বন্ধুর পাশাপাশি ছোট ভাইয়ের মতো বলে উল্লেখ করেন। বন্ধুর আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কঠিন বলেও জানান তিনি।

প্রায় ১৭ বছরের সম্পর্ক ছিল রূপেশ ও অনুজের। ২০০৮ সালে ‘বন্ধন সাত জন্ম কা’ ধারাবাহিকে একসঙ্গে কাজের মধ্য দিয়ে তাঁদের পরিচয়। পরে আরও কয়েকটি ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেন তাঁরা।

সংবাদমাধ্যমকে রূপেশ জানান, অনুজের মৃত্যুর মাত্র ১০ দিন আগে তাঁর সঙ্গে দেখা হয়েছিল। মৃত্যুর খবর শুনে প্রথমে তিনি তা বিশ্বাস করতে পারেননি। পরে অনুজের বাড়িতে গিয়ে তাঁর মা ও ভাইয়ের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে পারেন।

রূপেশের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন ভোর সাড়ে ৪টার মধ্যে ঘুম থেকে উঠে শরীরচর্চা ও জগিং করতেন অনুজ। ঘটনার দিন ভোরে নির্ধারিত সময়ে অ্যালার্ম বাজার পরও অনুজের সাড়া না পেয়ে তাঁর মা খোঁজ নিতে যান। তখনই ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান।

‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাত জানম কা’ ও ‘মহিসাগর’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন অনুজ ঠাকুর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বন্ধু, সহকর্মী ও ভক্তরা।

Muktomon/TA