মাঠে সংঘর্ষের পর মারা গেলেন স্প্যানিশ স্ট্রাইকার দে মিগেল

মাঠে খেলার সময় স্প্যানিশ স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে খেলার সময় স্প্যানিশ স্ট্রাইকার হেসুস দে মিগেল।

মুক্তমন রিপোর্ট : স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল মারা গেছেন। সোমবার রাতে এফসি আন্দোরার বিপক্ষে ম্যাচে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। মঙ্গলবার সকালে ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ক্লাব।

ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে ২-২ সমতায় থাকা অবস্থায় লম্বা বল ক্লিয়ার করতে বক্স ছেড়ে বেরিয়ে আসেন আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনো। এ সময় তাঁর হাঁটুর সঙ্গে দে মিগেলের বুকে সংঘর্ষ হয়। মাঠে পড়ে যান টেনেরিফের এই স্ট্রাইকার।

দুই দলের খেলোয়াড়েরা দ্রুত চিকিৎসাকর্মীদের ডাকেন। পাঁচ মিনিটের বেশি সময় মাঠে চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে দে মিগেলকে হাসপাতালে নেওয়া হয়। তবে মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর খবর জানায় টেনেরিফ।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, দে মিগেলের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তাঁর এই অকালমৃত্যুতে শোক প্রকাশের ভাষা নেই বলেও উল্লেখ করে ক্লাবটি।

২০২৫ সালে কাস্তেয়ন থেকে টেনেরিফে যোগ দেন দে মিগেল। গত মৌসুমে ক্লাবটির হয়ে ১১টি গোল করেছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে স্পেনের বিভিন্ন ফুটবল ক্লাব শোক জানিয়েছে। দে মিগেলের পরিবার, সতীর্থ ও টেনেরিফের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদও।

Muktomon/TA