মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার অভিযোগে সুনামগঞ্জে মানববন্ধন

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার অভিযোগে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি।
মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার অভিযোগে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি।

সুনামগঞ্জ প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা এবং তাঁকে অসম্মান করার অভিযোগের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের ব্যানারে শহরের আলতাফ উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার ১২টি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ, দোয়ারাবাজার উপজেলা কমান্ডার আব্দুস সোবাহান, শান্তিগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান, ছাতক উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তোতা মিয়া, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ এবং মুক্তিযোদ্ধার সন্তান মো. সুহেল মিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। দীর্ঘ নয় মাসের যুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ নারীর সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার ঘটনা তাঁদের ব্যথিত করে বলে মন্তব্য করেন তাঁরা।

বক্তারা অভিযোগ করেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার প্রধান সাক্ষী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। এ কারণে জামায়াত-শিবিরের লোকজন তাঁর জানাজা ও দাফনে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দিয়েছেন বলে তাঁরা দাবি করেন। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান বক্তারা।

তাঁরা আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান তাঁরা।

মানববন্ধন শেষে একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

Muktomon/TA