মুক্তমন রিপোর্ট : তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় দেশের অবস্থান, বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন, সাইড ইভেন্ট আয়োজন এবং প্রতিনিধিদলের অংশগ্রহণ নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) আলোচ্যসূচির আলোকে বাংলাদেশের খসড়া পজিশন পেপার প্রস্তুত ও চূড়ান্ত করার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া ন্যায্য রূপান্তর (Just Transition), ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (CBAM), আঞ্চলিক সহযোগিতা এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা নিয়ে কারিগরি প্রতিবেদন ও পলিসি ব্রিফ তৈরির বিষয়েও আলোচনা করা হয়।
আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে স্বল্পোন্নত দেশগুলোর জোট (LDC Group), উন্নয়নশীল দেশ ও সমমনা রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ, নেপাল ও ভুটানের অভিন্ন স্বার্থের বিষয়ে যৌথ অবস্থান নেওয়ার সুযোগ পর্যালোচনার কথাও জানানো হয়।
কপ-৩১ সম্মেলন প্রাঙ্গণে বাংলাদেশের প্যাভিলিয়নে দেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC 3.0), জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP), জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি (Loss and Damage), নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার, প্রকৃতিনির্ভর সমাধান ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্যে প্যাভিলিয়নের নকশা, ব্র্যান্ডিং, প্রদর্শনী উপকরণ, সাইড ইভেন্ট ক্যালেন্ডার ও পরিচালন পরিকল্পনা চূড়ান্ত করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এ ছাড়া সম্মেলনের মূল আলোচনায় বিষয়ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, নতুন ও তরুণ কর্মকর্তাদের আলোচনায় সম্পৃক্ত করা এবং প্রতিনিধিদলের নিবন্ধন, ভিসা, যাতায়াত ও আবাসনসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কপ-৩১-এর প্রস্তুতি সমন্বয়ের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ১৮ আগস্ট একটি কারিগরি সমন্বয় কমিটি ও তিনটি উপকমিটি গঠন করে। উপকমিটিগুলো হলো—পজিশন পেপার প্রণয়ন, প্যাভিলিয়ন স্থাপন ও সাইড ইভেন্ট আয়োজন এবং লজিস্টিক সাপোর্ট উপকমিটি।
সভায় তিনটি উপকমিটির কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে কপ-৩১-এর প্রস্তুতি আরও সুসংহত করার বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন (World Leaders’ Summit) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Muktomon/TA