সিলেটে ৭০% ডিসকাউন্টের বদলে ১০%, চার দোকানকে জরিমানা

 সিলেটের পূর্ব জিন্দাবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে চার কাপড়ের দোকানকে জরিমানা।
সিলেটের পূর্ব জিন্দাবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে চার কাপড়ের দোকানকে জরিমানা।

লিমন আহমদ : সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে মূল্যছাড়ের নামে প্রতারণা, নকল পণ্য বিক্রি এবং বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রির অভিযোগে চারটি কাপড়ের দোকানকে মোট ৭২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত অভিযানে এসব অনিয়মের প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

অভিযানে নকল পণ্য বিক্রির অভিযোগে জুরিক ফ্যাশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সাইনবোর্ডে ৭০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বাস্তবে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়ার অভিযোগে জোহা ফ্যাশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রির অভিযোগে সোলসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সাইনবোর্ড ও ব্যানারে ৪০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বাস্তবে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়ার অভিযোগে বন্ডকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সিলেট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু। অভিযান শেষে তিনি জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

Muktomon/TA