বন্দরে নবীনবাংলা ফুটবল একাডেমির ভর্তি কার্যক্রম উদ্বোধন

 বন্দরের রসুলবাগে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্ম উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও সংগঠনের নেতারা।
বন্দরের রসুলবাগে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্ম উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও সংগঠনের নেতারা।

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্ম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত, সুস্থ সমাজ গড়ার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাদ মাগরিব বন্দরের রসুলবাগ এলাকায় নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদ ক্লাবে উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রসুলবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি সেলিম আহমেদ, সহসভাপতি হারুন রশীদ ও সদস্য আবুল কালামের উপস্থিতিতে ফুটবল একাডেমির ভর্তি ফর্ম উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের উপদেষ্টা মো. সুজন, সভাপতি আবদুল মতিন, সহসভাপতি সামসুল আলম হজরত, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাদিম, সাংগঠনিক সম্পাদক আসলাম রকি, প্রচার সম্পাদক নোভেল মাহমুদ, ক্রীড়া সম্পাদক রতন, প্রবাসী কল্যাণ সম্পাদক রিয়াদ মির্জা, সহকারী অর্থ সম্পাদক আকাশ এবং সদস্য মামুনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রসুলবাগ মাদকবিরোধী সংগঠনের সভাপতি এমদাদ ও সাধারণ সম্পাদক আল আমিন আলো বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। তাঁরা এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ফুটবল একাডেমির সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকমুক্ত, স্বাস্থ্যকর ও সুস্থ সমাজ গঠনে ফুটবল একাডেমিটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে নতুন প্রতিভাবান ফুটবলার তৈরির পাশাপাশি তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ফুটবল একাডেমির মাধ্যমে এলাকার উদীয়মান খেলোয়াড়েরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং ক্রীড়াঙ্গনে অবদান রাখতে পারবে।

Muktomon/TA