মুক্তমন রিপোর্ট : ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (৬ অক্টোবর)। সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
নোবেল কমিটির চূড়ান্ত বাছাই প্রক্রিয়া গোপনীয় হওয়ায় ঘোষণার আগে নিশ্চিতভাবে বিজয়ীদের নাম জানা যায় না। তবে বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ গবেষণা এবং আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতির ভিত্তিতে সম্ভাব্য বিজয়ীদের নিয়ে চলছে নানা আলোচনা।
চলতি বছর পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম তথ্যবিজ্ঞান, জ্যোতির্পদার্থবিজ্ঞান ও কনডেনসড ম্যাটার ফিজিক্সের বিভিন্ন গবেষণা বিশেষভাবে আলোচনায় রয়েছে।
আলোচনায় আহারোনভ-বোহম ইফেক্ট ও বেরি ফেজ
আহারোনভ-বোহম ইফেক্ট ও বেরি ফেজ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য পদার্থবিদ ইয়াকির আহারোনভ ও মাইকেল বেরির নাম সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছে। এই দুই বিজ্ঞানী ১৯৯৮ সালে উলফ প্রাইজ লাভ করেন।
এ ছাড়া কোয়ান্টাম কম্পিউটিং এবং উচ্চশক্তির মহাকাশবিজ্ঞানের বিভিন্ন গবেষণাও এবারের নোবেল পুরস্কারের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে আলোচিত হচ্ছে।
অতি-নির্ভুল সময় পরিমাপের প্রযুক্তি ‘অপটিক্যাল পারমাণবিক ঘড়ি’ উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২৬ সালের উলফ প্রাইজজয়ী জুন ইয়ের নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে।
তবে এসবই এখন পর্যন্ত অনুমান ও আলোচনা। কোন গবেষণা এবং কোন বিজ্ঞানীরা এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন, তা আনুষ্ঠানিক ঘোষণার পরই নিশ্চিত হওয়া যাবে।
Muktomon/TA