বিক্ষোভে উত্তাল ফ্রান্স

ফ্রান্সে শিক্ষা সংস্কার ও বাজেট কমানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফ্রান্সে শিক্ষা সংস্কার ও বাজেট কমানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

মুক্তমন রিপোর্ট : শিক্ষাব্যবস্থা ও শিক্ষা খাতে সরকারের পরিকল্পিত ব্যয় কমানোর প্রতিবাদে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিক্ষোভের পাশাপাশি ১ হাজার ৮০০টির বেশি স্কুলে ব্লকেড কর্মসূচি পালনের দাবি জানিয়েছে হাইস্কুল শিক্ষার্থীদের সংগঠন।

শ্রেণিকক্ষে শিক্ষক সংকট, শিক্ষকদের অনুপস্থিতি, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষা খাতে অর্থায়ন কমানোর পরিকল্পনার প্রতিবাদে গত দুই সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবারের কর্মসূচিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্সেই, নাঁতেস ও লিওঁ শহরে সকালে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। পরে রাজধানী প্যারিসেও বড় ধরনের কর্মসূচির আশঙ্কা করা হয়।

বিক্ষোভে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এসব প্ল্যাকার্ডে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা ও শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়।

আন্দোলনের শুরুতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার ও গ্রেপ্তার অভিযান চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরকার বলছে, আন্দোলনের কিছু অংশ এখন শহুরে সহিংসতায় রূপ নিয়েছে।

এদিকে সোমবার উত্তর ফ্রান্সে এক শিক্ষার্থী বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় প্রায় ২৫০ থেকে ৩০০ বিক্ষোভকারী পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ছিল। তবে বিস্ফোরণের ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আঞ্চলিক সংবাদমাধ্যম লা ভয়েক্স দ্য নর্দের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থী পুলিশের ব্যবহৃত একটি গ্রেনেড হাতে নেওয়ার পর সেটি বিস্ফোরিত হয়। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

ফ্রান্সের হাইস্কুল শিক্ষার্থীদের ইউনিয়নের দাবি, দেশজুড়ে ১ হাজার ৮০০টির বেশি স্কুল ব্লকেড করা হয়েছে। কিছু স্কুল পরিস্থিতির কারণে অনলাইনে পাঠদান চালানোর চেষ্টা করেছে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে শ্রেণিকক্ষে শিক্ষক সংকট ও অনুপস্থিতি কমানো, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ সময়ের ক্লাস পুনর্বিবেচনা এবং দুপুরের খাবারের জন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া।

এ ছাড়া পুরোনো স্কুল ভবনগুলোর অবস্থা পর্যালোচনা করে সংস্কারের উদ্যোগ নেওয়া এবং শিক্ষা খাতে বাজেট কমানোর পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার দাবিও জানিয়েছে আন্দোলনকারীরা।

প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুরমু শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Muktomon/TA