চীন-রাশিয়ার যৌথ নৌ ও আকাশ মহড়া শুরু

চীন-রাশিয়ার যৌথ নৌ ও আকাশ মহড়ার প্রতীকী ছবি
চীন-রাশিয়ার যৌথ নৌ ও আকাশ মহড়ার প্রতীকী ছবি

মুক্তমন রিপোর্ট : চীনের সঙ্গে সপ্তাহব্যাপী আকাশ ও নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। সোমবার (৬ জুলাই) চীনের চিংদাও শহরের জলসীমা ও আকাশসীমায় এ যৌথ মহড়া শুরু হয়। এর মধ্য দিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে ক্রেমলিন জানিয়েছে, এ মহড়া কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। আঞ্চলিক নিরাপত্তা ও দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করাই এর উদ্দেশ্য।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএর তথ্য অনুযায়ী, ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত এ মহড়া চলবে। এতে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন ও একটি উদ্ধারকারী জাহাজ অংশ নিচ্ছে।

মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার রিয়ার অ্যাডমিরাল সের্গেই সিনকো বলেন, এ যৌথ মহড়া মস্কো ও বেইজিংয়ের নৌ-সহযোগিতাকে আরও গভীর করবে। তিনি মহড়াটিকে মূলত প্রতিরক্ষামূলক বলে উল্লেখ করেন।

এদিকে মহড়াটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উসকানি বা উত্তেজনা সৃষ্টি করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া ও চীনের যৌথ মহড়াগুলো কোনো দেশ বা নির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না।

পেসকভ বলেন, সংকটপূর্ণ ও গুরুত্বপূর্ণ অঞ্চলে রাশিয়া-চীন সহযোগিতা জোরদারে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ। তার দাবি, এ সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশ্লেষকদের দৃষ্টিতে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা নিয়ে যখন বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ রয়েছে, তখন চীন ও রাশিয়ার যৌথ মহড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নতুন করে নজর তৈরি করতে পারে।

Muktomon/TA