গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী সভা

গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা
গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা

শিহাব উদ্দিন : গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি, নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে উদ্যোক্তাদের সচেতন করতে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী মুন্সি মার্কেটে অবস্থিত নগদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মেসার্স জাহানারা এন্টারপ্রাইজের আয়োজনে সভায় জেলার বিভিন্ন এলাকার নগদ উদ্যোক্তারা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, অনলাইন জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সবাইকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার পাশাপাশি আর্থিক লেনদেনে দায়িত্বশীল ও সতর্ক হতে হবে।

নগদ উদ্যোক্তাদের উদ্দেশে বক্তারা বলেন, গ্রাহকদের নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সন্দেহজনক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না হয়ে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় নিরাপদ ও সচেতন সমাজ গঠনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। আইন মেনে চলা, দুর্নীতিকে না বলা এবং ন্যায় ও সততার পথে চলার মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে নগদের এরিয়া ম্যানেজার এস এম হারুন অর রশীদ, টেরিটোরি অফিসার খায়রুল আনাম শুভ, ডিস্ট্রিবিউশন ম্যানেজার অশোক চন্দ্র দাস, ডিস্ট্রিবিউশন সুপারভাইজার সজিব খান ও কাজী সোহাগসহ গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার নগদ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সভায় সচেতন হই, জুয়া থেকে বিরত থাকি, নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করি, সচেতন হোন, নিরাপদ থাকুন, আইন মেনে চলুন, নিরাপদ সমাজ গড়ুন এবং দুর্নীতিকে না বলুন, ন্যায়ের পথে চলুন—এমন বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

আয়োজকেরা বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নগদ উদ্যোক্তাদের মধ্যে দায়িত্বশীলতা আরও বাড়বে। একই সঙ্গে নিরাপদ ও সুশৃঙ্খল আর্থিক লেনদেনের বিষয়ে গ্রাহকদের মধ্যেও সচেতনতা তৈরি হবে।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

Muktomon/TA