মুক্তমন রিপোর্ট : লেবানন সীমান্তের কাছে অবিস্ফোরিত একটি বস্তু বিস্ফোরিত হয়ে এক ইসরায়েলি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সোমবার (১২ অক্টোবর) শিক্ষার্থীদের একটি দলের শিক্ষা সফরের সময় এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা সফরে থাকা এক শিক্ষার্থী নিজের হাতে অবিস্ফোরিত বস্তুটি নেওয়ার পর সেটি বিস্ফোরিত হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, বস্তুটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া বিস্ফোরক।
ইসরায়েলি সেনাবাহিনীও প্রাথমিক তথ্যে জানিয়েছে, বিস্ফোরকটি হিজবুল্লাহ ছুড়েছিল। তবে এটি ঠিক কবে ছোড়া হয়েছিল, তা নিশ্চিত করতে পারেনি তারা।
ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত একটি ছবিতে আহত ব্যক্তিদের সামরিক হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ার দৃশ্য দেখা গেছে। আহতদের তিনটি পৃথক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর সীমান্ত এলাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সরকার।
ইসরায়েলের ডেপুটি পুলিশ কমিশনার মেইর ইলিয়াহু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এক শিক্ষার্থীর হাতে কোনো ধরনের অবিস্ফোরিত বস্তু বিস্ফোরিত হয়েছে।
ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির অন্যান্য কর্মকর্তারা আহতদের দেখতে হাসপাতালে যান।
গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়। এর ফলে দক্ষিণ লেবাননে সংঘাত বন্ধের পথ তৈরি হলেও সীমান্ত এলাকায় এখনো স্থিতিশীলতা ফেরেনি।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ লেবাননের সেনাবাহিনীর হাতে যাওয়ার কথা ছিল। অন্যদিকে, ইসরায়েলি সেনাদের তথাকথিত ‘ইয়েলো জোনে’ সরে যাওয়ার কথা ছিল।
সূত্র : সিএনএন, রয়টার্স
Muktomon/TA