মুক্তমন রিপোর্ট : জানুয়ারির দলবদলে রক্ষণভাগ শক্তিশালী করতে নতুন সেন্টারব্যাক খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিশেষ করে বাঁ পায়ের ডিফেন্ডার দলে নেওয়ার পরিকল্পনায় ইংলিশ ক্লাবটির বিবেচনায় রয়েছেন আরবি লাইপজিগের ফরাসি ফুটবলার কাস্তেলো লুকেবা।
ইউনাইটেডের বর্তমান ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাকে দলে নিতে আগ্রহী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাব—এমন খবরও প্রকাশিত হয়েছে। আগামী গ্রীষ্মে মার্তিনেজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এ পরিস্থিতিতে জানুয়ারিতেই তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে ইউনাইটেড।
মার্তিনেজের সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখে বিকল্প ডিফেন্ডার খুঁজছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। পছন্দের তালিকায় রয়েছেন এভারটনের জ্যারাড ব্র্যানথওয়েট, ফুলহামের ক্যালভিন বাসি ও ব্রেন্টফোর্ডের নাথান কলিন্স। তাঁদের পাশাপাশি বিকল্প হিসেবে বিবেচনায় আছেন ২৩ বছর বয়সী লুকেবা।
২০২৩ সালে অলিম্পিক লিওঁ থেকে আরবি লাইপজিগে যোগ দেন ফরাসি এই ডিফেন্ডার। এরপর থেকে জার্মান ক্লাবটির রক্ষণভাগে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। বল পায়ে দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং একের বিপরীতে এক পরিস্থিতিতে কার্যকারিতার কারণে ইউনাইটেডের নজরে এসেছেন লুকেবা।
তবে তাঁকে দলে নিতে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লুকেবার রিলিজ ক্লজ প্রায় ৬ কোটি ৯০ লাখ পাউন্ড। তবে প্রায় ৫ কোটি ৬০ লাখ পাউন্ডে সমঝোতার সম্ভাবনার কথাও জানা গেছে।
Muktomon/TA