মুক্তমন রিপোর্ট : পুলিশের গুলিতে পা হারানো চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দায়ীদের শনাক্তে স্বাধীন তদন্তের আবেদন জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রিটের পরিপ্রেক্ষিতে ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বুধবার আইনজীবী আমীনূর রহমান শেখ এ তথ্য জানান। তিনি সাইফুল ইসলামের পক্ষে রিটটি দায়ের করেন।
রিটের বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১৬ জুন রাতে বায়েজিদ বোস্তামী থানার জামান হোটেল থেকে সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্য সাইফুলকে তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। পরদিন অজ্ঞাত স্থানে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং তা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে বাম হাঁটুতে গুলি করা হয় বলে রিটে উল্লেখ করা হয়েছে।
পরে অস্ত্র আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার বাম পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়। গত ৯ এপ্রিল ওই মামলায় বিশেষ ট্রাইব্যুনাল তাকে খালাস দেন।
রিটে সংবিধানের ৩১, ৩২, ৪৪ ও ১০২ অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়া হয়েছে। এতে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়।
হাইকোর্টের জারি করা রুলে সাইফুলকে গুলি করে স্থায়ীভাবে পঙ্গু করার অভিযোগে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সত্যতা, গুলির কারণ ও দায়ীদের শনাক্তে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Muktomon/TA