বরিশাল বিভাগে ৯ দিনে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে আগুন

বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়।
বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়।

মুক্তমন রিপোর্ট : বরিশাল বিভাগের তিন জেলায় নয় দিনের ব্যবধানে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার (১৮ নভেম্বর) ভোরে বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকটির একটি ভবনে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম জানান, আগুনে ব্যাংকের কোনো ক্ষতি হয়নি। এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের প্রবেশফটক ও নামফলকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ছাড়া ৯ নভেম্বর দিবাগত রাতে বরগুনার আমতলী উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ভবনের সামনের বারান্দা ও মূল ফটকের ভেতরের অংশ পুড়ে যায়।

পরপর এসব ঘটনায় ব্যাংকটির কার্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Muktomon/TA