মুক্তমন রিপোর্ট : রাজধানীর যানজট কমাতে ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আগামী দুই মাসের মধ্যে এআই ক্যামেরাসম্পন্ন ট্রাফিক সিগন্যাল চালুর আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি মেট্রোরেলের সঙ্গে মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরাসহ আধুনিক ট্রাফিক সিগন্যাল স্থাপনের কাজ চলছে। আগামী দুই মাসের মধ্যে সেগুলো পূর্ণাঙ্গভাবে সচল হতে পারে। তারেক রহমান বলেন, রাজধানীর বিভিন্ন রুটে মেট্রোরেল চলাচল করছে এবং বাকি রুটগুলোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে মনোরেল চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, মনোরেল তুলনামূলক কম জায়গার মধ্যে দিয়ে চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকাতেও এ ব্যবস্থা চালুর সুযোগ রয়েছে।
সংসদ সদস্য আবুল কালাম প্রশ্নে উল্লেখ করেন, যানজটের কারণে দেশে বছরে ৩৭ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। কর্মঘণ্টা নষ্ট ও জ্বালানির অপচয় এ ক্ষতির অন্যতম কারণ বলেও তিনি উল্লেখ করেন।
Muktomon/TA