ক্রিকেটারদের লাগেজ চুরি, রাজশাহীতে গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার চারজন ও উদ্ধার হওয়া মালামাল
রাজশাহীতে বিসিবির ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় গ্রেপ্তার চারজন ও উদ্ধার হওয়া মালামাল

মুক্তমন রিপোর্ট : চলন্ত কাভার্ড ভ্যান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেটারদের আটটি লাগেজ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে চুরি হওয়া মালামালের বড় একটি অংশ উদ্ধার করেছে। তবে ক্রিকেটার এস এম মেহেরব হাসানের লাগেজে থাকা তিন লাখ টাকা এখনো উদ্ধার হয়নি।

বুধবার (১৪ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে পুঠিয়ার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)।

পুলিশ জানায়, মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহীতে দুটি, টাঙ্গাইলে দুটি ও নাটোরে একটি মামলা রয়েছে। এ ছাড়া সোহান রহমান ও রুবেল আহমেদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। অন্যদিকে, বিসিবির একটি কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজ ঢাকা থেকে রাজশাহী নেওয়া হচ্ছিল।

ভোররাতে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে চালক গাড়ির তালা পরীক্ষা করে আবার যাত্রা শুরু করেন। পরে ভোর আনুমানিক ৫টার দিকে পুঠিয়ার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তালা ভেঙে আটটি লাগেজ নিয়ে পালিয়ে যায়।

পরে পেছন থেকে আসা আরেকটি গাড়ির চালক কাভার্ড ভ্যানচালক সজীবকে বিষয়টি জানান। গাড়ি থামিয়ে চালক দরজার তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। হোটেলে লাগেজ নামানোর সময় ৫৪টির মধ্যে ৪৬টি লাগেজ পাওয়া যায়। এ ঘটনায় ক্রিকেটার এস এম মেহেরব হাসান রাজশাহী নগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ কাজ শুরু করে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে জেলা ডিবি পুলিশ। পরে পুঠিয়ার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাদত হোসেনের বাড়ি থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, একটি ল্যাপটপ, চারটি প্লাস্টিকের বাক্স ও নগদ আট হাজার টাকা। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Muktomon/TA