মুক্তমন রিপোর্ট : সৌদি আরবে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে নাগরিকদের ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিশেষ করে জরুরি নয়, এমন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে জাপান সরকার।
বুধবার (১৪ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকার জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা চার ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২-এ উন্নীত করে।
তবে ইয়েমেন সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতার মাত্রা ৩-এ রয়েছে। এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার এবং সেগুলোর আশপাশে যাতায়াতের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর থেকে হুথিদের হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনে সংঘাত অব্যাহত থাকায় ভবিষ্যতেও আরও হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করা জাপানি নাগরিকদের সফর স্থগিত করার বিষয়টি বিবেচনা করতে পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সতর্কবার্তা-সংক্রান্ত প্রতিবেদনে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে।
সূত্র : জাপান টাইমস, আলজাজিরা
Muktomon/TA