নোয়াখালীতে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে যৌথ মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের খবর।
নোয়াখালীর বেগমগঞ্জে যৌথ মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের খবর।

গিয়াস রনি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (এসআরবি-১১, সিপিসি-৩)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে বেগমগঞ্জ চৌরাস্তা জামে মসজিদের পূর্ব পাশে শফিউল্লাহর চা-পান-সিগারেটের দোকানের সামনে সড়কে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী শিবিরের মো. আলী হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ও এসআরবি-১১, সিপিসি-৩-এর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন মোহাম্মদ আলমকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলম জানিয়েছেন, টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি নোয়াখালীর হাতিয়ায় যাচ্ছিলেন। তবে ইয়াবাগুলো কার কাছ থেকে সংগ্রহ করেছেন এবং হাতিয়ায় কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

Muktomon/TA