শিল্পকলায় লালন স্মরণ, গান ও আলোচনায় মানবতার বার্তা

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা

মুক্তমন রিপোর্ট : বাউল সাধক ও দার্শনিক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে গান ও আলোচনার মধ্য দিয়ে তাঁকে স্মরণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘লালন স্মরণানুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ধর্মীয় উগ্রতা ও বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ধর্ম পালন করা ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। কাউকে আঘাত বা হেয় না করে সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সমতার চর্চা করাই লালনের দর্শনের গুরুত্বপূর্ণ শিক্ষা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও যুগ্মসচিব হারুন-অর-রশীদ বলেন, লালন শিখিয়েছেন মানুষের মর্যাদা জন্মপরিচয়ে নয়, বরং তার মানবিকতা, বিবেক ও কর্মে নির্ধারিত হয়। তাঁর দর্শন সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি সামাজিক ও নৈতিক পুনর্জাগরণেরও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্যসচিব জাকির হোসেন রোকন। মুখ্য আলোচক ছিলেন শিল্পী ও গবেষক অধ্যাপক আহমেদ শাকিল হাসমী।

আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিমান চন্দ্র বিশ্বাস ‘আমি অপার হয়ে বসে আছি’ এবং মৌসুমী ইকবাল ‘হেলায় হেলায় দিন বয়ে যায়’ গান পরিবেশন করেন। এ ছাড়া আলেয়া বেগম, কাঙ্গালিনী সুফিয়া, কানিজ খন্দকার মিতু, সুমন রায় ও সুলতানা জামান জোছনাসহ কয়েকজন শিল্পী লালনগীতি পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা সমবেতভাবে ‘ধন্য ধন্য বলি তারে’, ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’ ও ‘মিলন হবে কত দিনে’ গান পরিবেশন করেন।

লালন সাঁইয়ের গান ও দর্শনের মধ্য দিয়ে মানবিকতা, সাম্য এবং অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজনটি শেষ হয়।

Muktomon/TA