নারায়ণগঞ্জে পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কর্মকর্তারা
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কর্মকর্তারা

মুক্তমন রিপোর্ট : নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলা পুলিশ লাইন্সে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় মাসদাইর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

পরে সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার বিষয়গুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

কল্যাণ সভায় পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং গ্রেফতারি পরোয়ানা তামিলে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।

বন্দর থানা এলাকায় ইসলামী আন্দোলনের কর্মী বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ১১ আসামিকে ছয় ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ এবং বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন বিশেষ পুরস্কার পান। পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, শেখ সিফাতের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

এ ছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে মো. রমজান হোসেন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে এসআই মো. আবু সাদেক, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধার ও ক্লুলেস মামলা উদঘাটনকারী কর্মকর্তা হিসেবে এসআই নন্দন চন্দ্র সরকার, ক্লুলেস মামলা ডিটেকশনে এসআই মফিজুল ইসলাম পিপিএম এবং শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হিসেবে এসআই মিঠুন কুমার দত্ত পুরস্কৃত হন।

দায়িত্ব পালনে অবদানের জন্য ডিএসবির এসআই মো. ইজাহার আলীসহ আরও চার পুলিশ সদস্যকেও বিশেষ পুরস্কার দেওয়া হয়।

দুপুর ১২টায় আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আগস্ট মাসের অপরাধের পরিসংখ্যান, মামলার অগ্রগতি ও আইনগত কার্যক্রম তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা নিশ্চিত করে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান অব্যাহত রাখার কথা জানান। পাশাপাশি মামলার তদন্ত দ্রুত, স্বচ্ছ ও ভুক্তভোগীবান্ধব করার নির্দেশ দেন।

সভায় সিআইডি নারায়ণগঞ্জের চিফ মো. জাকির হোসেন, পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বিপিএম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল-মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Muktomon/TA