মুক্তমন রিপোর্ট : যুদ্ধ, সড়ক অবরোধ ও নিরাপত্তাহীনতার কারণে ইয়েমেনে লাখো মানুষের কাছে খাদ্যসহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সংঘাতের তীব্রতায় প্রায় ৮ লাখ মানুষের জন্য সহায়তা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশটিতে খাদ্যসংকট আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
ডব্লিউএফপি এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের বিভিন্ন এলাকায় সংঘাতের পরিবর্তনশীল পরিস্থিতি, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা এবং নিরাপত্তার অবনতির কারণে ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে সংঘাতপ্রবণ ও দুর্গম এলাকাগুলোতে খাদ্যসহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তায়েজে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। সেখানে চলমান লড়াই ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় হাজার হাজার বাস্তুচ্যুত পরিবারের বসবাসের এলাকাগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ডব্লিউএফপি জানিয়েছে, শুধু তায়েজেই ৬ লাখের বেশি মানুষ খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ২ লাখ নারী ও শিশু।
দেশটির পশ্চিম উপকূলীয় এলাকায় আগে থেকেই ত্রাণ পৌঁছাতে নানা প্রতিবন্ধকতা ছিল। নতুন করে সংঘাত ও যোগাযোগব্যবস্থার সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
খাদ্যসংকটে থাকা এলাকাগুলোতে ময়দার সরবরাহ কমে আসছে। একই সঙ্গে স্থানীয় বাজারে খাদ্যপণ্যের মজুদও দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ডব্লিউএফপি। নিয়মিত খাদ্যসহায়তা পৌঁছানো সম্ভব না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এতে বাস্তুচ্যুত পরিবার, নারী ও শিশুরা বিশেষভাবে ঝুঁকিতে পড়বেন।
ডব্লিউএফপির তথ্য অনুযায়ী, পুরো ইয়েমেনে ১ কোটি ৮০ লাখের বেশি মানুষের পর্যাপ্ত খাবারের সংস্থান নেই। সংস্থাটির সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গেছে, যেসব এলাকায় সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে, সেসব এলাকার ৭৪ শতাংশ পরিবারও দৈনন্দিন খাদ্যের চাহিদা পূরণ করতে পারছে না।
সংঘাতের কারণে ত্রাণ পরিবহন ব্যাহত হওয়া, সড়ক যোগাযোগের অনিশ্চয়তা এবং বাজারে খাদ্যপণ্যের ঘাটতি—সব মিলিয়ে ইয়েমেনের মানবিক পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠছে।
ডব্লিউএফপি সতর্ক করেছে, সংঘাত অব্যাহত থাকলে এবং প্রয়োজনীয় খাদ্যসহায়তা মানুষের কাছে পৌঁছানো না গেলে দেশটিতে মানবিক সংকট আরও গভীর হতে পারে।
সূত্র : আল জাজিরা
Muktomon/TA