বোমা হামলার হুমকি, জয়পুরে অবতরণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

 ছিনতাইয়ের আশঙ্কা ও বোমা হামলার হুমকির পর জয়পুরে অবতরণ করা এয়ার ইন্ডিয়ার বিমান
ছিনতাইয়ের আশঙ্কা ও বোমা হামলার হুমকির পর জয়পুরে অবতরণ করা এয়ার ইন্ডিয়ার বিমান

মুক্তমন রিপোর্ট : বিমান ছিনতাইয়ের আশঙ্কা ও বোমা হামলার হুমকির পর জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিমানটি ভারতের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি ও তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-২০৩০ স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিটে জয়পুর বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানটিকে নিরাপত্তা পরীক্ষার জন্য বিমানবন্দরের নির্ধারিত একটি বিচ্ছিন্ন স্থানে নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটি থেকে কয়েক সেকেন্ডের জন্য একটি জরুরি সংকেত পায়। প্রাথমিক তথ্য বলছে, পাইলট বিমানের ট্রান্সপন্ডারে ‘স্কোয়াক ৭৫০০’ কোড সক্রিয় করেছিলেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই কোড বিমান ছিনতাই বা বিমানে অবৈধ হস্তক্ষেপের পরিস্থিতি সম্পর্কে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করতে ব্যবহৃত হয়।

এই সংকেত পাওয়ার পর বিমানটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে সংকেতটি কেন সক্রিয় করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, বোমা হামলার হুমকির পর বিমানটিকে জয়পুরে অবতরণ করানো হয়। এরপর নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানটিতে তল্লাশি শুরু করে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষায় বিমানের কার্যক্রমে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রী নিরাপদ আছেন এবং তাঁদের বিমান থেকে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে বোমা হামলার হুমকির সত্যতা, জরুরি সংকেত সক্রিয় করার কারণ এবং তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া গেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সূত্র : আনাদোলু

Muktomon/TA