সাভারে সুপার মার্কেটে আগুন, কাজ করছে ৬ ইউনিট

 সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট
সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট

মুক্তমন রিপোর্ট : ঢাকার সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাদানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ আগুন লাগে।

ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আহমেদ অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ট্যানারি ফায়ার সার্ভিসের তিনটি ও সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

Muktomon/TA