মুফিজুর রহমান নাহিদ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে। শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তারা।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, এ ধরনের কর্মকাণ্ডের উদাহরণ রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তবে কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকা’ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের চেষ্টা চলছে। সংসদে আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তাঁরা এ বিষয়ে ইন্ধন দিচ্ছেন না—এমনটা জনগণ ভাববে না।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। তারপরও জেলা পর্যায়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA