মিরপুর-১ ও ১০-এ হকারদের জন্য বিকল্প স্থান খুঁজছে ডিএনসিসি

হকার উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে বাংলাদেশ হকার্স ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
হকার উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে বাংলাদেশ হকার্স ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

মুক্তমন রিপোর্ট : রাজধানীর মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তবে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প স্থান খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) ডিএনসিসির প্রশাসক সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে প্রশাসকের কাছে স্মারকলিপি দেন হকার্স ইউনিয়নের প্রতিনিধিরা।

মো. শফিকুল ইসলাম খান বলেন, হকাররা সমাজেরই অংশ। তাঁদের জন্য নির্দিষ্ট স্থানে বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরায় হকারদের বসার জন্য স্থান খোঁজা হচ্ছে। দ্রুত তাঁদের বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, হকারদের জন্য হলিডে মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। উচ্ছেদ হওয়া হকারদের জন্য এ ধরনের মার্কেটের ব্যবস্থা করার চেষ্টা চলছে।

ডিএনসিসি প্রশাসক বলেন, বিকল্প স্থানে তিন থেকে পাঁচশ দোকান বসানোর ব্যবস্থা করা গেলে সেখানে ক্রেতারাও আসবেন এবং কেনাবেচা ভালো হবে। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করা হয়েছে বাধ্য হয়ে। তাঁর অভিযোগ, কিছু সিন্ডিকেট ও হকারদের দখলের কারণে সাধারণ মানুষের হাঁটার জায়গা ছিল না। ফুটপাত দখলমুক্ত করার পর মানুষ বুঝতে পেরেছে, সেটি মূলত পথচারীদের চলাচলের জন্য।

সাক্ষাৎকালে হকার প্রতিনিধি ও প্রশাসক একমত হন যে, ৫ আগস্টের পরবর্তী সময়ে হকারদের কারণে সৃষ্ট সমস্যা আরও জটিল হয়েছে। আগে যারা হকারি ব্যবসা করতেন, তাঁদের বিকল্প স্থানে বসার ব্যবস্থা করা হবে বলে জানান প্রশাসক।

তিনি আরও বলেন, বিকল্প স্থানে হকারদের নিজস্ব চাকাচালিত দোকান থাকবে। সেখানে কোনো চৌকি বসানো যাবে না।

সাক্ষাৎকালে গুলশান জোনের ডিসি মো. রুহুল কবির, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বনানী থানার ওসিসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA