ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে এপিএলের ড্রাফটে মোহাম্মদ আমির

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

মুক্তমন রিপোর্ট : আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে নাম লিখিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তবে পাকিস্তানি ক্রিকেটার হিসেবে নয়, যুক্তরাজ্যের নাগরিক হিসেবে ড্রাফটে জায়গা পেয়েছেন তিনি। ব্রিটিশ নাগরিকত্ব থাকায় এপিএলে খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন নাও হতে পারে তাঁর।

আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হবে এপিএলের ড্রাফট। ৩৪ বছর বয়সী আমিরকে রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করা এই সাবেক পাকিস্তানি পেসার আগেই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। ড্রাফটের তালিকায় তাঁর জাতীয়তা যুক্তরাজ্য এবং বসবাসের দেশ হিসেবে পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের ক্রিকেটারদের এপিএলে খেলার জন্য এনওসি দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে পিসিবি। তবে ব্রিটিশ নাগরিকত্ব থাকায় আমিরের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হতে পারে।

ধারণা করা হচ্ছে, আসন্ন আইপিএল নিলামেও যুক্তরাজ্যের নাগরিক হিসেবে নাম নিবন্ধন করবেন আমির। এর আগে পাকিস্তানি নাগরিকদের আইপিএলে খেলার ওপর নিষেধাজ্ঞা থাকলেও ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেছিলেন আজহার মাহমুদ।

পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন আমির। ২০২৪ সালের জুনে ফ্লোরিডায় আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিই ছিল জাতীয় দলের হয়ে তাঁর শেষ খেলা।

পাঁচটি দল নিয়ে আয়োজন করা হবে এবারের এপিএল। প্রতিটি দলে সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার রাখা যাবে। এর মধ্যে ১১ থেকে ১২ জন থাকবেন আফগানিস্তানের এবং ৬ থেকে ৭ জন বিদেশি ক্রিকেটার।

ড্রাফটে ক্রিকেটারদের ভিত্তিমূল্যও নির্ধারণ করা হয়েছে। প্লাটিনাম ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ১ লাখ মার্কিন ডলার। এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে ৬৫ হাজার, গোল্ডে ৪০ হাজার, সিলভারে ২০ হাজার এবং ইমার্জিং ক্যাটাগরিতে ১০ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

Muktomon/TA