বিদ্যুৎ সাশ্রয়ে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে সংসদীয় কমিটির বৈঠক।
জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে সংসদীয় কমিটির বৈঠক।

মুক্তমন রিপোর্ট : জাতীয় সংসদ ভবন এলাকায় বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত, জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং গ্রিন এনার্জির ব্যবহার বাড়াতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের মাধ্যমে পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

একই সঙ্গে সংসদ ভবনের সব বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনা এবং সোনালী ব্যাংকের শাখা ও আবাসিক এলাকায় সাব-মিটার অথবা প্রি-পেইড মিটার স্থাপনের সুপারিশ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সংসদ ভবনে মতামত প্রদান সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি, ভবনের বায়ু চলাচলের স্বাভাবিক অবস্থা এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সংসদ ভবনে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করেছে কমিটি। বিদ্যুতের অপচয়ের ক্ষেত্রে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সুপারিশ করা হয়।

এ ছাড়া সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা এবং আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের লক্ষ্যে সাব-মিটার অথবা প্রি-পেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ লক্ষ্যে সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্যান্য সময়ে নামাজের আধা ঘণ্টা আগে মসজিদের এসি চালু করার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ করা সংসদ ভবন এলাকার খেলার মাঠের বরাদ্দ ও চুক্তিসংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর লক্ষ্যে পূর্ণাঙ্গ ডিপিপি প্রণয়ন করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Muktomon/TA