মুক্তমন রিপোর্ট : গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে জাতীয় সংসদে কার্যকর পরামর্শ দেওয়া উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে লংমার্চ বা কর্মসূচি দেওয়া যেতে পারে। তবে এর পাশাপাশি সংকট সমাধানে বিকল্প পরিকল্পনাও দিতে হবে। কীভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হবে, কোথা থেকে জ্বালানি সংগ্রহ করা হবে এবং কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব—এসব বিষয়ে সুস্পষ্ট প্রস্তাব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে বিরোধী দলের একটি পরিকল্পনা থাকা উচিত। জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা এবং সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও সংকট মোকাবিলায় কার্যকর পরামর্শ দেওয়াও প্রয়োজন।
রিজভী আরও বলেন, “একটা পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা আমার মনে হয় ঠিক হবে না। বরং কীভাবে এই সংকট নিবারণ করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা দিতে হবে।”
অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। তার দাবি, এ পরিস্থিতি সরকারের নিজস্ব কোনো কারণে সৃষ্টি হয়নি।
জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আন্দোলনের সময় গান ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস তৈরি করেছিল।
অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, নায়ক হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকে।