মুক্তমন রিপোর্ট : ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড মহিলা এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশের আরচ্যার বন্যা আক্তার। আগামী ২৮ অক্টোবর স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানের প্রতিপক্ষের মুখোমুখি হবেন তিনি।
বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিযোগিতার কোয়ালিফিকেশন রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বন্যা আক্তার। তিনি ৬৯৬ স্কোর করে কম্পাউন্ড মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তী ইলিমিনেশন রাউন্ডগুলোতেও ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে জায়গা করে নেন বাংলাদেশের এই আরচ্যার।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সেমিফাইনালে বন্যা আক্তার ১৪২–১৪১ পয়েন্টে জয় পান। অন্যদিকে, কম্পাউন্ড মহিলা এককের অপর সেমিফাইনালে কাজাখস্তানের আরচ্যার ১৪৪–১৩৮ পয়েন্টে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করেন।
আগামী ২৮ অক্টোবরের ফাইনালে বন্যা আক্তারের সামনে থাকবে স্বর্ণপদক জয়ের সুযোগ। তাঁর এই সাফল্যে আন্তর্জাতিক আরচ্যারিতে বাংলাদেশের পদক জয়ের প্রত্যাশা তৈরি হয়েছে।
বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন বন্যা আক্তারের ফাইনাল লড়াইয়ে সাফল্য কামনা করেছে। তাঁর হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য আরও একটি সাফল্য আসবে বলে প্রত্যাশা করছে ফেডারেশন।
সূত্র : বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন
Muktomon/TA